বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন একজন আপোষহীন যোদ্ধা। তিনি ছিলেন মজলুম জনতার নেতা।
আজ বৃহস্পতিবার তোপখানা রোডস্থ শহীদ আসাদ মিলনায়তনে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, নারী নেত্রী হাজেরা সুলতানা এমপি, বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, নগর নেতা কিশোর রায় প্রমুখ বক্তব্য রাখেন।
রাশেদ খান মেনন বলেন, ভাসানী সারা জীবন সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। মওলানা ভাসানী বেঁচে থাকলে তিনি বর্তমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে খামোশ বলে সোচ্চার হতেন। আজকের দিনে মওলানা ভাসানীর মতো একজন দৃঢ়চেতা নেতার খুবই দরকার।-বাসস।
ইত্তেফাক/এমআই
