গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, 'পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ শেষ হবে ২০১৮ সালের মধ্যে। এখানে উন্নয়ন কাজের প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে।'
ইতোমধ্যে এ প্রকল্পের ৯০ভাগ কাজ শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, '২০১৭ সালের জুন মাসের মধ্যেও উত্তরা তৃতীয় পর্বের ভূমি, লেক ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হবে।'
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উত্তরা এপার্টমেন্ট প্রকল্প, উত্তরা তৃতীয় পর্ব এবং পূর্বাচল নতুন শহর প্রকল্প পরিদর্শন শেষে এ কথা জানান। বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা বলা হয়।
এ সময় মন্ত্রী জানান, উত্তরা ১৮ নম্বর সেক্টরে এপার্টমেন্ট প্রকল্পের ছয় হাজার ৬৩৬টি ফ্ল্যাটের মধ্যে অধিকাংশই বিক্রি হয়ে গেছে। বিক্রির জন্য অল্প কিছু ফ্ল্যাট অবশিষ্ট রয়েছে। আগামী মাসে ৮৪০টি ফ্ল্যাট ক্রেতাদের মাঝে বুঝিয়ে দেয়া হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, সদস্য (উন্নয়ন) আব্দুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
