সৌখিন লোকজন শখ করে বাড়ির অ্যাকুরিয়ামে মাছ রাখেন। অ্যাকুরিয়ামে রাখা এসব মাছের মধ্যে রঙিন ‘ফাইটার ফিস’ অনেকের কাছেই বেশ পছন্দের।
তবে এই ফাইটার মাছগুলো ভীষণ হিংসুটে প্রকৃতির হয়। একসাথে একাধিক ফাইটার মাছ রাখলে নিজেদের মধ্যে যুদ্ধ করে একটি অন্যটিকে হত্যা করে। বিলুপ্ত প্রায় এই ফাইটার প্রজাতির মাছেরা হিংসুটে হলেও সৌখিন মানুষদের কাছে এদের কদর বেশ চড়া।
এই কদরের মূল কারণ এদের গায়ের বাহারি রঙ। সমপ্রতি থাইল্যান্ডে এমন একটি ফাইটার মাছের কথা জানা গেছে যেটি দেখলে মনে হবে দেশটির জাতীয় পতাকা থেকে রঙ চুরি করেছে মাছটি। মূলত থাইল্যান্ডের জাতীয় পতাকায় যেসব রঙ রয়েছে সেই রঙগুলো প্রাধান্য পেয়েছে এটির গায়ে। মনোমুগ্ধকর সৌন্দর্যের কারণে অনলাইনে নিলামে ওঠা মাত্র ৬ সেন্টিমিটার দৈর্ঘ্যের ফাইটার মাছটির চড়া দাম দিতে সম্মত হচ্ছেন ক্রেতারা।
জীবিত এই মাছটিকে নিজের অ্যাকুরিয়ামে পেতে এক ব্যক্তি সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা দিতে সম্মত হয়েছেন। থাইল্যান্ডের ইতিহাসে সব থেকে দামি ফাইটার মাছ এটি।
মাছটির গায়ে থাইল্যান্ডের পতাকার মতোই লাল এবং নীল রঙের উপস্থিতি রয়েছে। পতাকার সাদা ডোরার মতো সাদা রঙের ডোরাও রয়েছে মাছটির গায়ে। এর আগে অর্ধ চন্দ্রাকৃতির বাহারি একটি ফাইটার বিক্রি হয়েছিল ৬০ হাজার টাকায়।-এনডিটিভি
