ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকার বড়হিস্যা বাজার কলোনী থেকে সাবেক এক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ রদীপ সাহার (৩৫) লাশটি উদ্ধার করে।
রদীপ একসময় ছাত্রদলের নেতা ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রদীপ সাহা ওই এলাকার মৃত রমেন্দ্র চন্দ্র সাহার সাহার ছেলে। গত চারদিন আগে তিনি এ বাড়িতে আসেন। এর আগে জামালপুর জেলায় বসবাস করতেন তিনি। মা টাঙ্গাইলে এবং ছোটভাই অস্ট্রেলিয়ায় বসবাস করেন। এটা তার কাকাদের বাড়ি।
শুক্রবার সকাল থেকে ঘরের ভেতর লাশের দুর্গন্ধ পাচ্ছিলেন পরিবারের লোকজন ও স্থানীয়রা। পরে ঘরের ভেতর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে যুবকের ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, ধারণা করা হচ্ছে- তিনি চারদিন আগে থেকে ঝুলে ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
ইত্তেফাক/কেকে
