রংপুরে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৩:৪৮
 
রংপুরের রবার্টসন্সগঞ্জ এলাকায় একটি পরিত্যাক্ত ঘরের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিন নম্বর ইস্পানি ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- ওই এলাকার সামসাদ বাব্বির ছেলে ইমান ইসলাম আয়াত (৩) ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকার রহুল আমিনের ছেলে শাহরিয়ার আমিন অর্নব (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। 
 
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে অর্ণব তার মামা বাপ্পির বাড়িতে বেড়াতে আসে। আজ আয়াতের জন্মদিন।জন্মদিন উদযাপনের আয়োজন চলছিল। সকালে আয়াত ও অর্ণব চুলা জ্বালানোর জন্য লাকড়ি নিয়ে রিকশাযোগে পরিত্যক্ত ওই ঘরের সামনে দিয়ে বাড়ি ফিরছিল। 
 
এ সময় ওই ঘরের দেয়ালের সঙ্গে বাঁধা রশিতে রিকশা আটকে যায়। এতে দেয়াল ধসে দুই ভাই ঘটনাস্থলেই মারা যায়।
 
কোতোয়ালি থানার ওসি জাহিদুল ইসলাম জানান, পরিত্যক্ত ঘরের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। 
 
 
ইত্তেফাক/কেকে