সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জেরধরে শ্যালকদের মারপিটে ভগ্নিপতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মোল্লা (৪৬) উপজেলা সদরের চন্দনগাতি দক্ষিনপাড়াও মৃত গফুর মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের তিন শ্যালককে আটক করেছে।
আটককৃতরা হলেন- খোদা বক্সের ছেলে সাদ্দাম হোসেন (৩৫), সওদাগর হোসেন (৩২) ও উজ্জল হোসেন (২৮)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, নিহত আবু তাহের মোল্লা ও তার শ্বশুর বাড়ি পাশাপাশি। শুক্রবার সকালে ঝগড়ার এক পর্যায়ে শ্যালকরা ভগ্নিপতি আবু তাহের মোল্লাকে পিটুনি দেয়। এ অবস্থায় অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা আবু তাহের মোল্লাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের তিন শ্যালককে আটক করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ইত্তেফাক/কেকে
