সাতকানিয়ায় হাতির আক্রমণে নিহত ১

আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৫:৫৫
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা বাহাদির পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম মো. হোসন (৪৮)।
 
গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার রাত আড়াই টায় এ ঘটনা ঘটে। সে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত আবুল হোসনের পুত্র।
 
জানা গেছে, লোকালয়ে নেমে আসা বন্য হাতির একটি দল গত বৃহস্পতিবার রাতে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা বাহাদির পাড়া শাহ মজিদিয়া ইটভাটা এলাকায় মো. হোসনের চায়ের দোকানে আক্রমণ করে। এসময় একটি হাতি হোসনকে শুঁড় দিয়ে পেছিয়ে মাথায় আঘাত করে। এতে তার মাথা তেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। 
 
হাতির আক্রমণের খবর পেয়ে শুক্রবার সকালে সাতকনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ ও সাতকানিয়া থানার ওসি মো. ফদির উদ্দিন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক নিহতের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহয়াতা প্রদান করেন।
 
সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নেজাম উদ্দিন বলেন, বন্য হাতির আক্রমণে রাতে বাহাদির পাড়া এলাকায় মো. হোসেন নামে এক ব্যক্তি মারা গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়েছি।
 
 
ইত্তেফাক/এমআই