কাউখালীতে পাঁচজনকে জরিমানা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ২১:২৩
পিরোজপুরে কাউখালীতে মাদক সেবন করার সময় তিনজনকে এবং গাড়ি চুরির সময় দুইজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
 
বৃহস্পতিবার রাতে কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে রাস উৎসব চলাকালে তাদের আটক করা হয়। 
 
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান,  রাস উৎসব চলাকালে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় তম্ময় মিস্ত্রী (১৩), রাজেশ রায় (১৭), দ্বীপ জয় (১২) নামে তিনজনকে আটক করা হয়। এদের বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার তারবুনিয়া গ্রামে। এছাড়া গাড়ি চুরির সময় মিজানুর রহমান (১৭) ও সাবিদ ইসলামকে (১৩) হাতেনাতে আটক করা হয়। 
 
পরে শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  তম্ময়, রাজেশ এবং দ্বীপ জয়কে এক হাজার টাকা এবং মিজান ও সাবিদকে পাচঁশত টাকা জরিমানা করেন।
 
ইত্তেফাক/ইউবি