‌'বিএনপি ক্ষমতায় আসলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে'

আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ২১:০৮
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে। সন্ত্রাসী কার্যক্রম বাড়বে। আবার জঙ্গীরা তৎপর হবে। আরেক বাংলা ভাইয়ের জন্ম হবে এই রাজশাহীতে। বাংলাদেশে আবার পাকিস্তানের মতো অবস্থা বিরাজ করবে।’ 
 
শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
বিএনপিকে ভীরু কাপুরুষের দল হিসেবে আখ্যায়িত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারা যে মিটিং মিছিলের নামে নৈরাজ্য, জ্বালাও পোড়াও করবেনা তার গ্যারান্টি কি? সেজন্যই তাদেরকে সমাবেশ করার অনুমুতি দেয়া হয়নি। বিএনপি যদি পারে জনগণকে সাথে নিয়ে রাস্তায় নামুক। তাহলে পুলিশও পালাবে। বিএনপি তো ভীরু, কাপুরুষ।আপনারা (বিএনপি) প্রস্তুতি নিন। ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। খেলে জেতেন সেটা আমরা চাই। কিন্তু ফাউল করবেন না।’
 
তিনি বলেন, ‘জাতীয় চার নেতাকে হারিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। বাঙালি জাতি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। জিয়া-খালেদা-মুশতাক বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। আমরা ভাবতেও পারিনি বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যার বিচার পাওয়া সম্ভব। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় না আসলে আমাদের রক্তক্ষরণ বন্ধ হতো না। বাঙালি জাতির রক্তক্ষরণ বন্ধ হতো না।’
 
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু।
 
বিশেষ অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘নেতার প্রতি কেমন আদর্শ ও শ্রদ্ধাবোধ থাকলে নিশ্চিত মৃত্যু জেনেও তা বরণ করে নেয়া যায়, তা চার নেতা দেখিয়েছিলেন। তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে হাইব্রিডদের অত্যাচার থেকে মুক্ত বাংলাদেশ দেখতে চাই।’ 
 
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শহীদ ড. শামসুজ্জোহার শাহাদত দিবস ১৮ই ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালনের দাবি জানান। স্বাস্থ্যমন্ত্রী তা ক্যাবিনেট সভায় তুলে শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানাবেন বলে আশ্বাস দেন।
 
 
 
ইত্তেফাক/এমআই