বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন-গণতন্ত্র নিয়ে খালেদা জিয়া যত কথাই বলুক না কেন, যতই বোল পাল্টাক না কেন, তার আসল রাজনীতি হচ্ছে রাজাকার ও জঙ্গি রক্ষার রাজনীতি। খালেদা জিয়া আসলে জঙ্গি ও রাজাকারদের তোতা পাখি।
শুক্রবার বিকালে জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথর বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের টুপি পড়ে বারবার প্রমাণ করেছেন তিনি হচ্ছেন জঙ্গি এবং রাজাকারদের প্রধান পৃষ্ঠপোষক। আজকে তিনি আবার নির্বাচন, গণতন্ত্র নিয়ে কথা বলছেন। খালেদা জিয়ার বারবার বোল পাল্টানো এ কৌশল দেখে কেউ বিভ্রান্ত হবেন না। খালেদা জিয়ার আসল রাজনীতি হচ্ছে রাজাকার ও জঙ্গি রক্ষার রাজনীতি।
তিনি আরো বলেন, গণতন্ত্র ও নির্বাচন কখনোই খালেদা জিয়ার এজেন্ডা ছিল না। সাত বছরে খালেদা জিয়া বার বার প্রমাণ করেছেন তিনি জঙ্গি, রাজাকার ও আগুন সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়েছেন পৃষ্ঠপোষকতা করেছেন। জঙ্গির সঙ্গী তিনি।
গাজীপুর সদর উপজেলা জাসদের সভাপতি দীনেশ কিশোর বর্মনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নাইমুল হাসান জুয়েল, শওকত রায়হান, সাংগঠনিক সম্পাদক মির্জা মো. আনোয়ারুল হক, গাজীপুর জেলা জাসদের সভাপতি অ্যাড. আব্দুর রফিক, সাধারণ সম্পাদক জহিরুল হক মন্ডল বাচ্চু, সদর উপজেলা জাসদের ছিদ্দিকুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/এমআই
