মাগুরার মহম্মদপুরের শহীদ মুক্তিযোদ্ধা সহোদর আহম্মদ হোসেন ও মহম্মদ হোসেনের শাহাদাৎ বার্ষিকী আজ শনিবার ১৯ নভেম্বর। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের এই দিনে মহম্মদপুরে পাক বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তারা শহীদ হয়েছিলেন। দিবসটি পালন উপলক্ষে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের কবর জিয়ারত, দোয়া-মাহফিল প্রভৃতি। শহীদ মুক্তিযোদ্ধাদের বাড়ী উপজেলার নাগড়িপাড়া গ্রামে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী রাজাকারদের সহায়তায় মহম্মদপুরে টিটিডিসি ভবনে (বর্তমান উপজেলা পরিষদ) ক্যাম্প স্থাপন করে উপজেলার বিভিন্ন গ্রামে লুটপাট ও সাধারণ মানুষের উপর অত্যাচার ও নির্যাতন চালাত। ওই ক্যাম্প দখলের লক্ষ্যে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় মহম্মদপুরের মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর ক্যাম্পে আক্রমণ চালায়। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় একটি গুলি আহম্মদ হোসেনের মাথায় বিদ্ধ হয়। বড়ভাই মহম্মদ হোসেন ছোট ভাইকে বাঁচাতে ছুটে যাওয়ার প্রাক্কালে তিনিও গুলি বিদ্ধ হন। যুদ্ধ চলাকালে সেখানেই তারা শহীদ হন। শহীদ আহম্মদ, মহম্মদকে মহম্মদপুর উপজেলার নাগড়িপাড়া গ্রামে দাফন করা হয়।
ইত্তেফাক/আরএ
