আলোচনায় নিরবের ‘বাংলাশিয়া’

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ০৯:৫৫
অভিনেতা নিরব অভিনীত মালায়েশিয়ান সিনেমা ‘বাংলাশিয়া’ সেন্সর থেকে মুক্তির অপেক্ষায়। ঝামেলাই যেন পিছু ছাড়েনি। প্রযোজনা প্রতিষ্ঠান প্রোডিজি থেকে মুক্তি পায় ছবিটির ট্রেলার। জাপানের ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভাল ও নিউইয়র্ক এশিয়ান ফিল্ম ফেস্টিভালে প্রশংসা কুড়িয়েছে চলচ্চিত্রটি। 
 
পরিচালনা করেছেন মালেশিয়ান পরিচালক নেম ইউ। ছবিতে মালয়েশিয়ার সরকার ও বিরোধী দলের পরস্পরবিরোধী অবস্থান দেখানো হয়েছে। এ কারণে নিয়ে মালেশিয়ান চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটির ১৩টি অংশ আটকে দিয়েছে। মালয়েশিয়ার প্রেক্ষাপটে ‘এন্টি-গর্ভমেন্ট’ বার্তা নিয়ে তৈরি হয়েছে বলে মনে করেছে সেখানকার সেন্সরবোর্ড। নিরব জানান, দেশটিতে নানা ধরনের অপরাধ এবং প্রবাসীদের সঙ্গে অসদাচরণ নিয়ে ছবিটির গল্প। 
 
তবে ১৩ অংশে আটকে থাকলেও ছবির ট্রেলারে কোনো সমস্যা হবে না বলেই জানিয়েছেন নিরব। দৃশ্যধারণের কাজ হয়েছে মালয়েশিয়ার পুচং, সেরামবান, কালাং, চায়না টাউন, পোর্টকালংসহ বিভিন্ন জায়গায়। ৯২ মিনিটের এ সিনেমাটির নাম প্রথমে ‘মাংগালা কাউবয়’ থাকলেও পরে এর নামকরণ করা হয়েছে ‘বাংলাশিয়া’।
 
এতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের মডেল-অভিনেত্রী আতিকা সোহাইমি। চলচ্চিত্রটি বাংলা ভাষাসহ মোট ৬টি ভাষায় ডাবিং হয়েছে। ভাষাগুলো হলো- মালে, চায়না, তামিল, থাই, ইংরেজি এবং বাংলা। সেন্সর জটিলতায় আটকে থাকলেও শিগগিরই ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। 
 
ইত্তেফাক/এমএআর