ভাইয়ের হাতে খুন হওয়া পাকিস্তানের বিতর্কিত মডেল কান্দিল বালোচ’কে নিয়ে নির্মাণ করা হয়েছে শর্ট ফিল্ম। গত জুন মাসে ‘অনার কিলিং’ এ মৃত্যুও তাঁকে শিরোনামে এনেছে। তাঁকে নিয়ে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে ডাবিং ভয়েস দিলেন পপ তারকা ম্যাডোনা।
পাক পরিচালক শর্মিন ওবেইদের পরিচালনায় তৈরি হয়েছে ‘কান্দিল বালোচ: এ ভেরি শর্ট স্টোরি।’ তাঁর অনুরোধেই এই প্রজেক্টে কাজ করেছেন ম্যাডোনা। কান্দিলের ওপর বিভিন্ন খবর এবং ভিডিও ক্লিপ দিয়ে তৈরি হচ্ছে ছবিটি। শর্মিন ছিলেন বালোচের দীর্ঘ দিনের বন্ধু। এক দিকে ধর্মীয় রক্ষণশীলতা, অন্য দিকে সোশ্যাল মিডিয়ার কটাক্ষ কান্দিল কী ভাবে সামলেছিলেন তা দেখানো হয়েছে ছবিতে।
ম্যাডোনা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, নিজের বাড়ির লোক, এমনকী নিজের দাদার হামলার আগে পর্যন্ত লড়াই করেছিল কান্দিল। অবশেষে পাক সরকার আনার কলিং বিরোধী বিল পাশ করেছে। তোমার সঙ্গে খুব খারাপ হয়েছিল কান্দিল।
এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে নিজের ভাল লাগার কথাও জানিয়েছেন ম্যাডোনা।
উল্লেখ্য, পাকিস্তানি এ মডেল কখনও ফেসবুকে নিজের খোলামেলা ছবি, সেলফি, ভিডিও ‘পোস্ট’ করে আলোচনায় আসেন। কখনও করে বসেছেন বিস্ফোরক সব মন্তব্য। কখনও আবার নগ্ন হয়ে নাচতে না পারার জন্য কেঁদে ভাসিয়েছেন! আর এর মাধ্যমেই তিনি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসেন। আর এসব কারণে নিজ ভাইয়ের হাতে খুন হন তিনি।
ইত্তেফাক/এমএআর
