মেলিনিয়া ট্রাম্পের পোশাক তৈরি না করার আহ্বান!

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১০:৩৬
মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিদের কাপড়চোপড় নকশা ও তৈরির কাজ পাওয়াটা যে কোনো ফ্যাশন ডিজাইনারের জন্য হাতে আকাশের চাঁদ পাওয়ার মতো ব্যাপার। এই অবস্থায় নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলিনিয়া ট্রাম্পের পোশাক তৈরিতে অস্বীকৃতি জানিয়েছেন নিউ ইয়র্ক-ভিত্তিক ফ্রেঞ্চ ডিজাইনার সোফি থিয়ালেট।
 
ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক মতাদর্শের কারণে মেলিনিয়ার পোশাক তৈরিতে অস্বীকৃতি জানিয়েছেন সোফি।
 
এখানেই শেষ নয়; এই ফ্যাশন ডিজাইনার অন্যান্যদের প্রতি মেলিনিয়ার পোশাক তৈরি না করার আহ্বানও জানিয়েছেন।
 
বৃহস্পতিবার এক খোলা চিঠিতে সোফি লিখেছেন, 'যারা বৈচিত্র্যে বিশ্বাসী, এর জন্য যারা কঠোর পরিশ্রম করে, ব্যক্তিস্বাধীনতায় যাদের এলার্জি নেই, যারা সব ধরনের জীবনধারার প্রতি শ্রদ্ধাশীল, আমি তাদেরই একজন। পরবর্তী ফার্স্ট লেডির পোশাকের নকশা বা অন্য কোনো কিছুতেই আমি অংশ নিচ্ছি না।'
 
ওই চিঠিতে সোফি আরও লিখেছেন, 'নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের উগরে দেয়া বর্ণবাদী, যৌনতামুখী, বিদেশীদের প্রতি সহিংসতাপূর্ণ বক্তব্য আমরা যে মতাদর্শের সমাজে বাস করি তার জন্য বেমানান।'
 
সোফি লিখেছেন, আমি এই ব্যাপারে সচেতন যে, 'রাজনীতিতে জড়িত হওয়া কোনো বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নয়।'
 
সোফির দাবি, 'বংশ পরম্পরায় আমাদের কোম্পানি চলছে, এর মূল লক্ষ্য কেবল অর্থ উপার্জন নয়।'
 
৫২ বছর বয়সী সোফির এই খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্টের সঙ্গে সঙ্গে লাইক-কমেন্টের ঝড় উঠে। তবে পোস্টটিতে দেয়া কমেন্টের বেশির ভাগই নেতিবাচক।
 
ইত্তেফাক/এএম