মুক্তিযোদ্ধা হয়েও ভাতা পাচ্ছেন না আব্দুস সামাদ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৩:০২
বীর মুক্তিযোদ্ধা হিসেবে মো. আব্দুস সামাদের সনদ ও পরিচয়পত্র থাকলেও কোনো প্রকার ভাতা মিলছেনা। বিভিন্ন রোগে আক্রান্ত এই সূর্য সন্তান এখন উন্নত চিকিৎসার অভাবে মরতে বসেছেন। বর্তমানে তার একমাত্র সম্বল বাড়ির সামনে ছোট একটি চায়ের দোকান। তার ছেলে শাহিদকে সঙ্গে নিয়ে ওই চায়ের দোকানের রোজগারের উপরই চলছে তাদের সংসার। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পৌর এলাকার নামুইট গ্রামের মৃত মানিক উল্লাহর ছেলে।
 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রালয়ের কর্তৃক স্বাধীনতা সংগ্রামের সনদ পত্র, থানা মুক্তিবাহিনী যুদ্ধকালীন কমান্ডার আবু বক্কর সিদ্দিক কর্তৃক প্রত্যয়ন পত্র ও মুক্তি বাহিনীর প্রশিক্ষণের সনদ থাকলেও ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত আব্দুস সামাদ। বর্তমানে চোখে ছানিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত তিনি। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি।
 
মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বলেন, `আমরা প্রায় ৪১ জন মুক্তিযোদ্ধা ছিলাম। এদের মধ্যে ১০ জন গেজেট ভুক্ত হয়েছে। তবে ভুয়া অনেক মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হয়েছে।'
 
উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হাবিবুর রহমান বলেন, ‘বর্তমানে এ উপজেলায় ৫৭ জন যুক্তিযোদ্ধা গেজেট ভুক্ত হয়েছে। গেজেটে যাদের নাম আসেনি তারা ভাতা পাচ্ছেন না। অনলাইনে যারা আবেদন করেছে কিছু দিনের মধ্যে সেগুলো যাচাই-বাচাই হবে। ওই সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে কর্তৃপক্ষ তা বিবেচনা করবে।’
 
ইত্তেফাক/এএসএমইউ