মেহেরপুরের গাংনী উপজেলায় মরা পশু জবাইয়ের দায়ে দুই কসাইকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামের কসাই মোমিন হোসেন (৫২) ও উপজেলার হিজলবাড়িয়া গ্রামের মধ্যপাড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে কাব্বারুল ইসলাম (৪৫)।
শুক্রবার দুপুরে গাংনী বাজার পশু কসাইখানা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উজ জামানের ভ্রাম্যমাণ আদালত দণ্ড দেন।
এ সময় উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, গাংনী থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ও উপজেলা খাদ্য পরিদর্শক মশিউর রহমান উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ
