ফরিদপুরের সালথায় মো. শামীম মাতুব্বর (৩০) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে ইউসুফদিয়া ইজারাপাড়া এলাকার একটি ফসলি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শামীম ইউসুফদিয়া ইজারাপাড়া গ্রামের মৃত আব্দুল হালিম মাতুব্বরের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, স্থানীয় দলপক্ষ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামে দুইটি গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। এর মধ্যে একটি গ্রুপের সমর্থক ছিলেন শামীম। একপর্যায় শামীম এলাকা পালিয়ে ছেড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার ১১ মাস পর প্রতিপক্ষ গ্রুপে যোগ দিয়ে আবার এলাকায় আসেন তিনি। এরপর থেকে শামীম নিয়মিত ট্রাক্টর দিয়ে অন্যের জমি চাষ করে সংসার চালাতেন। শুক্রবার রাতে মোবাইল ফোনের মাধ্যমে জমি চাষ করার কথা বলে শামীমকে বাড়ি থেকে ডেকে নেয় দুর্বৃত্তরা। শনিবার সকালে তার লাশ একটি ফসলি মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহতের শরীরের বিভিন্নস্থানে হাতুড়ি পিটানোর দাগ দেখা গেছে।
ইউসুফদিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান বলেন, শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা শামীমকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়।
সালথা থানার সেকেন্ড অফিসার এসআই জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শামীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও একটি শার্ট উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএসএস
