নরসিংদীর রায়পুরা উপজেলায় নতুন করে সহিংস ঘটনার আশঙ্কায় নিলক্ষার দড়িগাঁও ও সোনাকান্দী এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারিকৃত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন। এর আগে নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম নিলক্ষায় লাঠিয়ালদের দৌরাত্ব বন্ধের লক্ষে সেখানে ১৪৪ ধারা জারির জন্য নরসিংদী জেলা প্রশাসককে লিখিতভাবে অনুরোধ জানান।
উল্লেখ্য, শনি, রবি ও সোমবার পর পর তিনদিন আওয়ামী লীগের দুই লাঠিয়াল বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর সেখানে নতুন করে কোন সহিংস ঘটনা ঘটেনি। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ লাঠিয়ালদের গ্রেফতারে বিভিন্ন গ্রাম ঘেরাও করে তল্লাশি চালাচ্ছে। তবে পুলিশ লাঠিয়াল গ্রেফতারে এখনো উল্লেখযোগ্য সফলতা অর্জন করতে পারেনি। লাঠিয়ালরা পুলিশের উপস্থিতি টের পেলেই নিরাপদ দূরত্বে সটকে পড়ছে। আবার পুলিশ চলে গেলে তারা এলাকায় ফিরে আসছে। সোমবারের দাঙ্গায় পুলিশের গুলিতে তিনজন ও প্রতিপক্ষের টেঁটার আঘাতে একজন নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। এতে ১০০ জনের নামে এবং প্রায় তিন হাজার গ্রামবাসীকে আসামি করা হয়। এসব আসামিদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন গ্রামে অভিযান চালাচ্ছে।
ইত্তেফাক/এএসএমইউ
