'রোগীদের পরিবারের সদস্য ভেবে চিকিৎসা দিন'

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ২০:৩৯
চিকিৎসা পেশাকে একটি মহান ব্রত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি রোগীকে নিজ পরিবারের একজন সদস্য মনে করে যত্নের সঙ্গে সেবা প্রদানে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
প্রধানমন্ত্রী বলেন, 'চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত এবং আপনারা নিষ্ঠা ও মেধা প্রয়োগ করে বিশেষজ্ঞ হয়েছেন। আপনাদের মধ্যে সেবাদানের মনোভাব তৈরি করতে হবে। প্রতিটি রোগীকে নিজের পরিবারের একজন সদস্য মনে করে সেভাবে সেবা প্রদান করতে হবে।'
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে হোটেল রেডিসন ব্লুতে 'অ্যাসোসিয়েশন অব থোরাসিক অ্যান্ড কার্ডিওভাসকুলার সার্জনস অব এশিয়া'র (এটিসিএসএ) ২৬তম বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
 
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এটিসিএসএ সভাপতি ডা. জেরাডো মাঞ্জো এবং মহাসচিব অধ্যাপক কামরুল হাসান বক্তৃতা করেন।
 
প্রধানমন্ত্রী তার ভাষণে চিকিৎসকদের চিকিৎসা সেবায় আন্তরিকভাবে মনোনিবেশের পাশাপাশি গবেষণা কাজও সুষ্ঠুভাবে চালিয়ে যাবার আহ্বান জানান। -বাসস।
 
ইত্তেফাক/এসএস