দেশের ব্যবসায়ের পরিবেশ উন্নত করতে চায় সরকার। কীভাবে তা করা যাবে সেই পরিকল্পনা ঠিক করা হচ্ছে। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এ পরিকল্পনা করা হচ্ছে।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক জাতীয় পরামর্শক সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম এসব কথা জানিয়েছেন।
তারা জানান, প্রতি বছর বিশ্বব্যাংক ব্যবসায় পরিবেশ সূচকের (ডুয়িং বিজনেস ইনডেক্স) যে তালিকা তৈরি করে, সে তালিকায় বাংলাদেশের অবস্থান ১০০ এর নিচে নামিয়ে আনতে চায় সরকার। আগামী ২০২১ সালের মধ্যেই তা করার চেষ্টা করা হবে।
জানা গেছে, বিশ্বব্যাংক এ বছর ব্যবসায় পরিবেশের যে তালিকা করেছে, তাতে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৬তম। ২০২১ সালের মধ্যে ১০০ এর নিচে নামিয়ে আনতে হলে হাতে সময় আছে আর মাত্র পাঁচ বছর। এসময়ের মধ্যে কিভাবে ব্যবসা পরিবেশ সূচকে বাংলাদেশের অবস্থার উন্নতি করা যায়, কোথায় কোথায় বাধা রয়েছে এবং তা কিভাবে সমাধান করা যায়, তা নিয়েই পরামর্শক সভার আয়োজন করে বিডা।
সভা যৌথভাবে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, বিদ্যুত সচিব মনোয়ার ইসলাম, আইন ও সংসদ বিষয়ক সচিব মোহাম্মদ শহিদুল হক, শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ, বেসরকারি গবেষণা সংস্থা পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই
