মাদারীপুরে যাত্রীবোঝাই কোচ পুকুরে, নিহত ২

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ২৩:৩৯

ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া নামক স্থানে ‘ঈগল পরিবহন’-এর যাত্রীবোঝই কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুইজন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। আহতদের মাদারীপুর সদর হাসপাতাল ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাত সাড়ে ৪টায়। নিহতরা হলেন- বরগুনা জেলার ফুলঝুড়ি গ্রামের কামাল উদ্দিন (২৭) ও একই এলাকার মো. জাফর (৩০)। মাদারীপুর ও ফরিদপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও র্যাব উদ্ধার কাজ করে। এ ঘটনায় ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

 
এলাকাবাসী ও পুলিশ জানায়, ‘ঈগল পরিবহন’-এর কোচ ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। ঢাকা-বরিশালের পান্তাপাড়া নামক স্থানে কোচটি নিয়ন্ত্রণ  হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় ২৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ব্যক্তির লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, হতাহতদের অনেকের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা দেন। দুর্ঘটনায় বেঁচে যাওয়া মো. ফারুক হোসেন ও আকতার হোসেন বলেন, চালকের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মমতাজ উদ্দিন ও উপ-সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থলে এসে দুইটি লাশ উদ্ধার করেছি।
 
বিশেষ প্রতিনিধি জানান, নিখোঁজদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনীর ১৪ সদস্যের ডুবুরি দল। দুর্ঘটনার পর পরই নৌবাহিনীর উদ্ধারকারী ডুবুরি দল খুলনা থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
 

ইত্তেফাক/এএন