ভিক্টোরিয়া কলেজে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ স্মারক ম্যুরাল উদ্বোধন

আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ০০:২২

শতবর্ষের ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নগরীর ধর্মপুরস্থ ডিগ্রি শাখায় ‘হূদয়ে বঙ্গবন্ধু’ স্মারক ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ম্যুরালের উদ্বোধন করেন। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশীদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মহসিনুজ্জামান চৌধুরী, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল খালেক, ম্যুরাল নির্মাণ কমিটির আহ্বায়ক ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের এবং কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

 
কলেজের প্রশাসনিক ভবনের সামনে ১০ লাখ ৫শ’ টাকা ব্যয়ে ম্যুরাল তৈরি করা হয়েছে। এর মূল বেদী ৬০ ফুট দৈর্ঘ্য ও ৫০ ফুট প্রস্থ। ৪টি স্তম্ভে এর উচ্চতা ৩৬ ফুট। ম্যুরালের ৩ পাশের সিঁড়ির ফাঁকা অংশে জাতীয় পতাকার আদলে সবুজ পাতার ঘাস এবং লাল পাতার গাছ রোপণ করা হয়েছে। স্থাপত্য নকশা ম্যুরাল ও টেরাকোটা নির্মাণ শিল্পী উত্তম গুহ জানান, ‘হূদয়ে বঙ্গবন্ধু’ স্মারক ম্যুরালে বাংলাদেশের ভাষা আন্দোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফুটিয়ে তোলা হয়েছে। মুর্যালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বারসহ ৫ শহীদের প্রতিকৃতি অঙ্কিত হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশীদ জানান, মুক্তিযুদ্ধের স্মৃতিকে শিক্ষার্থীসহ নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে ‘হূদয়ে বঙ্গবন্ধু’ স্মারক ম্যুরাল নির্মাণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএন