রাজধানীর খিলগাঁও থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ইউসুফ আলী নামে এক রিপোর্টারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে রামপুরা মহানগর প্রজেক্টের একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউসুফ আলী ঐ গণমাধ্যমের একজন রিপোর্টার। একটি সংবাদপত্রের এক নারী রিপোর্টারের স্বামী আসিফ ইকবাল ফেসবুকে তার স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও প্রচারের অভিযোগ আনেন তার বিরুদ্ধে।
গ্রেফতার ঐ সংবাদকর্মীর সহকর্মীরা জানান, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ছয় মাস আগে ঐ নারীর অন্যত্র বিয়ে হওয়ার পর ইউসুফ আলী তাদের গোপন ছবিগুলো ফেসবুকে আপলোড করেন। এর জের ধরেই ঐ নারীর স্বামী খিলগাঁও থানায় মামলা করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইউসুফ আলীকে গ্রেফতার করেছে।
