স্তন্যপায়ী প্রাণীদের প্রায় সবার হাতে পায়ে-ই নখ দেখা যায়। মূলত স্তন্যপায়ী এসব প্রাণী দেহে জৈবিক প্রক্রিয়ায় তৈরি হওয়া কেরাটিন রাসায়নিক প্রক্রিয়ায় এক সাথে হাতে পায়ের নখ হিসেবে বাইরে বের হয়ে আসে। নখ মৃতকোষ হওয়ায় এখানে কোন স্নায়ুকোষ থাকে না। একারণেই নখ কাটলেও আমরা ব্যথা অনুভব করি না। নখের নিচের নরম ও সংবেদনশীল অংশ রক্ষায় বিশেষ ভূমিকা রয়েছে নখের।
তবে নখ পরিচর্যায় পয়সা খরচ করতেও কুণ্ঠাবোধ করেন না সৌন্দর্য সচেতন অনেক নারী। নখ নিয়ে নারীদের আগ্রহ নিয়ে কখনো কখনো সমালোচনার মুখেও পড়তে হয়। তবে এবার সামান্য এই নখ দিয়েই বাজিমাত করেছেন যুক্তরাষ্ট্রের এক নারী। ইয়ানি উইলিয়ামস নামের টেক্সাসের ঐ নারী পেশায় একজন সেলুন ব্যবসায়ী। গত ২৩ বছর ধরে নখ না কেটে সেগুলো বেশ যত্ন নিয়ে বড় করেছেন ইয়ানি। লক্ষ্য একটাই, রেকর্ড বইয়ে নাম লেখানো। বিল ক্লিনটন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর থেকে এই নখ রাখতে শুরু করেন তিনি।
এরপর মার্কিন প্রেসিডেন্ট বদল হলেও নখ কাটেননি ইয়ানি। বিশ্বরেকর্ড গড়া নখগুলোতে বাহারি রঙে সাজাতে মোটেই ভুল করেন নি ইয়ানি। সব থেকে বড় নখের স্বীকৃতি পাওয়ার নিজের এই বিরল রেকর্ড উত্সর্গ করেছেন নাতি-নাতনিদের উদ্দেশ্যে।-ইউপিআই
