হুইলচেয়ারে বসে গাইলেন লাকী আখান্দ। গান গাইলেন তিনি, পাশে দাড়ানো ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও শম্পা রেজার চোখে পানি! ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়ে ভক্ত-শ্রোতাদের সামনে হাজির হলেন লাকী আকন্দ! ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’ নামের নতুন একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অনেকদিন পর গান গেয়ে শোনান লাকী আখন্দ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের উদ্যোগে গড়ে ওঠা শিল্পীর পাশে ফাউন্ডেশনের অনুষ্ঠানটির জন্য নিজের ব্যান্ড হ্যাপী টাচের তরুণ সদস্যদের নিয়ে গত দুই দিন ধরে অনুশীলন করেছেন লাকী।
অনেকদিন পর মঞ্চে গাইবেন বলে দারুণ উচ্ছ্বসিত ছিলেন লাকী আখন্দ। হ্যাপী টাচকে নিয়ে তিনি সাজিয়ে রেখেছিলেন নিজের জনপ্রিয় কয়েকটি গানের পাঁচমিশালী।
শুরুতে লাকী আখন্দ গেয়েছেন ‘আগে যদি জানিতাম’। এ সময় দেশের জনপ্রিয় শিল্পীরা মঞ্চে উঠে তার সঙ্গে গলা মেলান। এরপর তিনি বলেন, ‘আমি আরও ৩০-৪০ বছর বাঁচতে চাই। ঈশ্বর-বিধাতা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি অবশ্যই অন্য সব কাজ বাদ দিয়ে আপনাদেরকে গান শোনাবো।’
ক্যানসারে আক্রান্ত আরেক বরেণ্য সুরকার আলাউদ্দিন আলীও সংগীত পরিবেশন করেছেন এ আয়োজনে। শিল্পীদের পাশের দাঁড়ানোর এ অনুষ্ঠানে লাকী আখন্দকে ৪০ লাখ টাকার চেক ও বরেণ্য সুরস্রষ্টা আলাউদ্দিন আলীর হাতে ২০ লাখ টাকার চেক প্রদানের আগে পর্দায় তাদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়। এখানে চলচ্চিত্র, সংগীত, টেলিভিশনের শিল্পীরা ছাড়াও ছিলেন শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।
শিল্পীর পাশে ফাউন্ডেশনের উদ্যোক্তা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। স্বাগত বক্তব্যে তিনি বলেছেন, ‘বাংলাদেশের শিল্পীরা চিরকাল আমাদের ভালোবাসা, আমাদের গৌরব। বিশ্বের বুকে তাঁরাই আমাদের প্রতিনিধি। শিল্পীরা ভালো না থাকলে সমাজের পক্ষে ভালো থাকা সম্ভব না। এখন থেকে আর কোনো শিল্পীর সাধনা যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখবে এই ফাউন্ডেশন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুস্তাফা মনোয়ার, ফেরদৌসী রহমান, সালাউদ্দিন জাকী, নাসির উদ্দীন ইউসুফ, খুরশীদ আলম, রফিকুল আলম, আবুল খায়ের, ইমদাদুল হক মিলন, সাদিয়া আফরিন মল্লিক, শম্পা রেজা, পীযূষ বন্দ্যোপাধ্যায়,আইয়ুব বাচ্চু, হামিন আহমেদ, ইলিয়াস কাঞ্চন, কনকচাঁপা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, ফেরদৌস, এস আই টুটুল, অদিতি মহসিন, ইমন সাহা, কোনাল ও ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
ইত্তেফাক/এমএআর
