রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা সদর ডাইংপাড়া ফিরোজ চত্বরে মানববন্ধনের আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। মানববন্ধনটি সঞ্চালনা করেন পৌর যুবলীগ সভাপতি অধ্যাপক আকবর আলী।
গোদাগাড়ী মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরীর সভাপতিত্বে এতে গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফরাদ আলী মিয়া, সাবেক কমান্ডার সাইদুর রহমান, ডেপুটি কমান্ডার সাহাদুল মাস্টার, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের এবং তাদেরকে পরোক্ষভাবে সহযোগিতার জন্য খরচা সীমান্ত ফাঁড়ির বিজিবির নায়েক সুবেদার ও হাবিলদারকে অপসারণের দাবি জানান।
উল্লেখ্য, ২ নভেম্বর গোদাগাড়ী উপজেলার নীলবোনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনার মূল হোতা সন্ত্রাসী আজাদ ও মিশ্রীসহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। কিন্তু আসামিরা আদালত থেকে জামিনে এসে আবারো মুক্তিযোদ্ধা সোবহানকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।
ইত্তেফাক/এএসএমইউ
