আসছে ২২ নভেম্বর বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজিত নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা" চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত ফারহান আহমেদ জোভান এবং নাদিয়া খানম অভিনীত শর্টফিল্ম ‘মায়া’। ফিল্মটিতে আরো অভিনয় করেছেন সাদিয়া সিফাত দোলা ও সৈয়দ সামিউল হক।
নির্মাতা ভিকি জাহেদ বলেন, সবার প্রিয় "মায়া" আগামী ২২শে নভেম্বর বিকাল ৪ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে। অনলাইনে মায়ার জন্য যে ভালোবাসা বর্ষণ করেছিলেন, আমরা আাশা করবো ২২ তারিখ বড় পর্দায় ও সেটা অব্যাহত থাকবে।
প্রথমবারের মতো বড় পরিসরে ৩২ মিনিটের শর্টফিল্ম ‘মায়া’ প্রদর্শিত হবে, এ বিষয়ে জোভানের সঙ্গে কথা হয় ইত্তেফাক অনলাইনের। তিনি বলেন, এটা আমার সেকেন্ড শর্টফিল্ম, ভাল কাজ হয়েছে। এখন পর্যন্ত দর্শক-ভক্তরা ভালভাবেই নিয়েছে। আশা করছি উৎসবেও সেরকম সাড়া আমরা পাবো।
‘মায়া’র শ্যুটিং নিয়ে জোভান বলেন, ‘দারুণ লোকেশনে মায়ার শ্যুটিং হয়েছে। চমৎকার ভালবাসার গল্প আর ম্যাসেজ নিয়েই শর্টফিল্মটি নির্মাণ করা হয়েছে। অবশ্যই সবার ভাল লাগবে।’
IMG0
মায়া`র চিত্রগ্রহণের দায়িত্তে ছিলেন সুমন সরকার এবং সম্পাদক হিসেবে আছেন সাইফ রাসেল। চলচিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েত অর্পণ।
উল্লেখ্য, 'নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব ২০১৬- ২০১৭' এর নভেম্বর মাসের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনীর জন্য চলচ্চিত্র নির্বাচন প্রক্রিয়ায় ৫টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। এরমধ্যে ৩টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র, ১টি প্রামাণ্যচলচ্চিত্র ও ১টি পূর্ণদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র।
চলচ্চিত্রগুলোর প্রদর্শনী ২২ নভেম্বর ২০১৬, মঙ্গলবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনয়াতনে। প্রদর্শনীর সময় বিকাল ৪টা এবং সন্ধ্যা ৭টা। এছাড়া সন্ধ্যা ৫:৩০টায় শুরু হবে 'সিনেমা ফাইভ আলাপ'। স্বাধীনধারার চলচ্চিত্রে নির্মাতা ও অভিনয়শিল্পী সম্পর্ক নিয়ে আলোচনায় অতিথি হিসেবে থাকবেন নির্মাতা ও অভিনয়শিল্পী তৌকীর আহমেদ।
ইত্তেফাক/এমএআর
