ডা. ইকবাল উদ্ধারে পদক্ষেপ: ৭২ ঘণ্টার মধ্যে জানানোর নির্দেশ

আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৩:৪৭
 
রাজধানী থেকে অপহৃত চিকিৎসক ইকবাল মাহমুদকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে উদ্ধার এ পর্যন্ত কী ব্যবস্থা নেয়া হয়েছে- তা ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন আকারে আদালতকে অবহিত করতে বলা হয়েছে। 
 
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মোহাম্মদ ফারুকের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেয়।
 
চিকিৎসককে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর নিস্ক্রিয়তাকে কর্তব্যে অবহেলা হিসেবে কেন অভিহিত করা হবে না- এই মর্মে রুল জারি করা হয়। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিসহ সংশ্লিস্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। 
 
গত ১৪ অক্টোবর নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পর রাত তিনটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবের মোড় থেকে ডা. ইকবাল অপহৃত হন। এই নিয়ে সম্প্রতি তার বাবা মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আলম সংবাদ সন্মেলন করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। 
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
 
 
ইত্তেফাক/কেকে