সিটিও ফোরামের সম্মানিত কিছু সদস্য তাদের মেধা ও যোগ্যতার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে পদোন্নতি পেয়েছেন। তাদের সম্মানে শনিবার ঢাকায় ”লিজেন্ড অব আইসিটি” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধিত তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা হলেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, , সাউথইস্ট ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাঈনুদ্দিন চৌধুরী, পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, সিটি ব্যাংক লিমিটেডের উপ-ব্যাবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান।
সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার স্বাগত বক্তব্যে বলেন, সিটিও ফোরাম বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ২০১১ সাল থেকে এই পর্যন্ত ৩০টিরও বেশি টেকনিক্যাল সভার আয়োজন করেছে। কিন্তু আজকে আমরা সম্পূর্ণ এক ভিন্ন প্রেক্ষাপটে এখানে মিলিত হয়েছি।
তিনি আরো বলেন, ‘আজকে আমরা যেসব আইটি ব্যক্তিত্বকে সম্মানিত করতে যাচ্ছি, তারা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে তাদের মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে তথ্যপ্রযুক্তিখাতের উন্নয়নে কাজ করে চলেছেন। আজ আমরা সম্মানিত বোধ করছি আমাদের ফোরামের সংবর্ধিত সদস্যরা ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ে জায়গা করে নিয়েছেন। তথ্যপ্রযুক্তিখাতের সাথে সম্পৃক্ত সকলের জন্য এই এক বিশাল অর্জন।’
সংবর্ধিত অতিথীদের জীবনবৃন্তান্ত একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থাপন করা হয় এবং সিটিও ফোরামের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। সংবর্ধিত তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং সিটিও ফোরমকে ধন্যবাদ জানান। তারা বলেন, নিজেদের সংগঠন থেকে এই ধরনের সম্মামনা তাদের কাজের ক্ষেত্রে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিটিও ফোরামের যুগ্ম-মহাসচিব দেবদুলাল রায়, কোষাধ্যক্ষ মো. মঈনুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য লুৎফর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষভাগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এমএইচ
