ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাড়ি চাপায় যুবক নিহত

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২৩:৩১

মঙ্গলবার রাতে বিজয়নগরের ইসলামপুর নামক স্থানে কাভার্ড ভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম সায়েদুর রহমান (৩৫ )। তিনি বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের মন্নর আলীর ছেলে। তিনি স্থানীয় একটি কলেজে বাবুর্চি হিসেবে দায়িত্ব পালন করতেন।

এ দুর্ঘটনায় বিক্ষোভ করেছে স্থানীয় কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা। তারা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে। 

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর আলহাজ্ব কাজী মো শফিকুল ইসলাম কলেজের সামনে সাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন সায়েদুর রহমান। এ সময় সিলেটগামী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলে সায়েদুর রহমান নিহত হন।

বিক্ষোভের খবর পেয়ে ইসলামপুর ফাড়ি পুলিশ ও বিজয় থানার ওসি ঘটনাস্থলে এসে  শিক্ষার্থীদের অবরোধ তুলতে চেষ্টা করছেন। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান বলেন, ‘কলেজের বাবুর্চি সায়েদুর শিক্ষার্থীদের খাবার পরিবেশন করে বাড়ি ফিরছিলেন। এ সময় কাভার্ড ভ্যানের চাপায় তিনি নিহত হন। কলেজের সামনে স্পিড ব্রেকার না থাকার কারণে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থী এবং অভিবাবক। নিহতের ঘটনা ঘটছে। কিন্তু এর কোন প্রতিকার হয় না।’

আরও পড়ুনঃ মহাসড়কে হঠাৎ গাড়িবহর থামিয়ে তরমুজ খেলেন অর্থমন্ত্রী, ফেসবুকে ভাইরাল

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুর আজিম নোমান সত্যতা স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বিক্ষোভ ওঠানোর চেষ্টা চলছে।’

ইত্তেফাক/নূহু