ভারতে বাতিল হয়ে যাওয়া ১০০০ টাকার নোট গোপনে পাল্টে নতুন ২০০০ টাকার নোট নেয়ার চেষ্টার সময় দুই রিয়েল এস্টেট এজেন্টকে আটক করা হয়েছে। মুম্বাইয়ে আটকের সময় তাদের কাছ থেকে পুরোনো নোটে ১ কোটি রূপি উদ্ধার করা হয়।
ওই দুই রিয়েল এস্টেট এজেন্ট যে দুইজনের কাছ থেকে অর্থ বদলের চেষ্টা করছিলেন তাদেরও আটক করা হয়েছে। আটক হওয়া ওই দুইজন জানিয়েছেন, বদল করা অর্থের ৩০ শতাংশ দেয়ার প্রস্তাব করেছিল ওই দুই রিয়েল এস্টেট এজেন্ট। জানা গেছে, মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ কর্মকর্তা অশোক রাজপুতকে একটি সূত্র থেকে খবর পান কিছু ব্যক্তি পুরোনো নোটের বদলে গোপনে নতুন নোট নেয়ার চেষ্টা করবে। সেই খবর অনুযায়ী একটি স্কোডা গাড়ি থেকে চারজনকে আটক করেন তিনি।
সেই গাড়ি থেকে ১০০০ রূপির নোটে এক কোটি রূপি আবিষ্কার করেন তিনি। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে এবং আয়কর অধিদফতরকেও বিষয়টি জানানো হয়েছে। কিভাবে তারা এই অর্থ বদল করতো সেই বিষয়েও তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, জাল টাকা এবং কালোটাকার রমরমা রুখতে ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট রাতারাতি বাতিল করে দেয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু বিরোধী দলগুলি জনসাধারণের হয়রানির কথা তুলে ধরে এর বিরোধিতা করছে। এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ
