রাজধানীতে ককটেল ও পেট্রোল বোমাসহ গ্রেফতার ৩

আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৭:২১
রাজধানীর শেরেবাংলা নগর ও ভাষানটেক থানা এলাকায় অভিযান চালিয়ে ককটেল, পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
রবিবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
তিনি বলেন, শনিবার মধ্যরাতে পুলিশ ভাষানটেক থানা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মো.কামাল ওরফে টেবলেট কামালকে (৩০) হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৭টি ককটেল, ২৩টি পেট্রোল বোমা, একটি চাপাতি ও দুইটি চাকু উদ্ধার করা হয়।  
 
একইদিন বেলা সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগর থানা এলাকায় অপর এক অভিযানে ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। তারা হলেন, এমআরএফ সোহান (২৪) ও মশিউর রহমান সাগর (২৮)। তাদের কাছ থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়। 
 
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর ও ভাষানটেক থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।-বাসস।
 
 
ইত্তেফাক/এমআর/ইউবি