জম্মু ও কাশ্মির এলাকার রাজৌরি সেক্টরে রবিবার দিবাগত রাত থেকে চলা গোলাগুলিতে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর হেড কনস্টেবল রাজ সিং নিহত হয়েছেন বলে জানায় ভারতীয় প্রতিরক্ষা বিভাগ। তারা আরো জানায়, পাকিস্তান অস্ত্র বিরতি নীতি লঙ্ঘন করায় এই গোলাগুলি শুরু হয়। রাতভর চলা এই গোলাগুলির ঘটনায় আহত হয় আরো ৫ বিএসএফ সদস্য।
শনিবার থেকে এখন পর্যন্ত পাকিস্তান চতুর্থবারের মত অস্ত্র বিরতি বন্ধের ঘোষণা ভঙ্গ করেছে বলে দাবি করে ভারতের প্রতিরক্ষা বিভাগ।
জম্মু-কাশ্মির এলাকার কৃষ্ণঘাটি সেক্টরে সোমবার ভোর রাত থেকে ভারি মর্টার হামলা শুরু করে পাকিস্তান। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল মানিশ মেহতা জানান, তাদের এই হামলার দাঁতভাঙ্গা জবাব দিচ্ছে আমাদের সৈন্যরা।
রাজৌরিতে 'লাইন অব কন্ট্রোল' (লক) এর কাছে গতরাতে হঠাৎ করেই হামলা শুরু করে পাকিস্তানী সৈন্যরা। এ ঘটনায় চার বিএসএফ সদস্য স্প্রিন্টারের আঘাতে আহত হয়। হেড কনস্টেবল রাজ সিং তাদের মধ্যে একজন ছিল। সে গুরুতর আহত হয়ে মারা যায়। অপর একজন গুরুতর আহত অবস্থায় রয়েছে। তার চিকিৎসা চলছে।
এর আগে শনিবার লাইন অব কন্ট্রোলের কাছে নওশারা ও সুন্দাবানি সেক্টরে পাকিস্তানের মর্টার হামলা ও গুলিতে এক বিএসএফ জওয়ান ও এক নারী আহত হয়।
উল্লেখ্য, এ বছর ২৯ সেপ্টেম্বর পাকিস্তান অধিকৃত কাশ্মিরে ভারত সার্জিকাল স্ট্রাইক চালায়। সে ঘটনার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তান থেকে নিক্ষিপ্ত গুলি ও মর্টার হামলায় ২৬ জন মারা গেছেন। যার মধ্যে ১৪ জন প্রতিরক্ষা বিভাগের সদস্য। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/এএসএস
