ডিরেক্টরস গিল্ডের সদস্য নাট্য নির্মাতা আরিফ আল মামুন হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এন্ড হসপিটালে মারা গেছেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান। মৃত্যুর খবরটি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেন ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক এস.এম.কামরুজ্জামান সাগর। তিনি বলেন, আরিফ আল মামুন অসুস্থ্য হয়ে পড়লে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তাকে সিসিইউতে রাখা হয়। সকালে তিনি মারা যান।
ডিরেক্টরস গিল্ড পরিবার তার এমন অকাল মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে নাট্য নির্মাতাদের এ সংগঠন।
নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী এ খবর শুনে স্মৃতিচারণ করে বলেন, গিল্ডে কত গল্প করতাম একসঙ্গে। ও আমাকে খুব পছন্দ করতো। টিডব্লিউ সৈনিক তার মন্তব্যে জানান, খুবই দুঃখজনক সংবাদ।
আরিফ আল মামুনের জন্ম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাঘরা গ্রামে। তিনি স্ত্রী ও আরিয়ান নামে ছয় বছরের এক ছেলে রয়েছে। কর্মজীবনে মামুন নির্মাণের পাশাপাশি নাটক লিখতেন এবং অভিনয়ও করতেন। তিনি দীর্ঘদিন ধরে মঞ্চ নাটকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে মামুনের পরিচালনায় ‘নতুন দিনের আহ্বান’ নামের একটি ধারাবাহিক প্রচার হচ্ছে।
শেষখবর পর্যন্ত জানা গেছে আরিফ আল মামুনের মরদেহ তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে।
ইত্তেফাক/এমএআর
