মাসের ২৯ দিনেই ব্যস্ত অভিনেত্রী রানি আহাদ

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৯:০৯

মডেল, অভিনেত্রী রানি আহাদ। কাজ ভালবাসেন, কাজের পিছে দৌড়ে বেড়ান সারাক্ষণ, আবার কাজও তার পিছু ছাড়ে না। ইত্তেফাক অনলাইনের সঙ্গে যখন কথা হচ্ছে তখন রানি কক্সবাজারে শ্যুটের জন্য স্ক্রিপ্ট পড়ায় ব্যস্ত। কেন কক্সবাজারে! সোজাসাপ্টায় বললেন, নাটক ও টেলিফিল্মের চারটি কাজ নিয়ে এখানে আসা।

রানি, হাসিখুশি থাকতে পছন্দ করেন, সেটে সবার সাথে তাই সম্পর্কটাও সেরকম, বলছিলেন এ তরুণ অভিনেত্রী। কাজের প্রসঙ্গে তিনি বলেন, এক ঘন্টার একটি নাটকের শ্যুট হচ্ছে এখন। নাটকটির নাম ‘কে কোথায়’! মতিয়া বানুর চিত্রনাট্যে, পরিচালনা করছেন বি ইউ শুভ।
IMG0
নতুন এ নাটকের গল্প কেমন, সেটাও জানালেন রানি। চার বন্ধুকে নিয়ে কাহিনী। এরমধ্যে তিনজন ছেলে আর একজন মেয়ে। বন্ধুরা মেয়েটিকে পছন্দ করে, কেউ প্রকাশ করে কেউ করেনা। এভাবেই নাটকটির গল্প লেখা হয়েছে। শ্যুট হচ্ছে কক্সবাজারেই।  

গত সপ্তাহে শেষ করলেন আরেকটি নাটকের কাজ। নাটকের নাম ‘কিলার’। শাখাওয়াত মানিকের চিত্রনাট্যে এ নাটকটিও পরিচালনা করেছেন বি ইউ শুভ। এতে অভিনয় করেছেন ইমন, সারিকা, অবাক রাইয়ান রিয়াদ, রানী আহাদ, আজাদ, সামিরা খান মাহি প্রমুখ। নাটকটি এনটিভিতে প্রচারিত হবে বলেও জানান তিনি। এক ঘন্টার এ নাটকটির কাহিনী মূলত একটি রাতকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। রানি বলেন, এ নাটকটির গল্প অনেক সুন্দর।
IMG1
বর্তমান ব্যস্ততার প্রসঙ্গ উঠতেই রানি বলেন, মাসের ২৯ দিনই কাজ করতে হয়। আমি সারাক্ষণই কাজের ওপর আছি। আর শ্যুট কিন্তু সহজ কাজ না। তবে এনজয় করছি। এই যে কক্সবাজারের যেখানটাই আমরা আছি এটি দারুণ জায়গা।

আরো তিনদিন শ্যুট শেষে ঢাকায় ফিরবেন বলে জানান অভিনেত্রী রানি আহাদ। তবে ঢাকাতেও কাজের কমতি নেই রানির! কারণ প্রাতিষ্ঠানিক পরিচয়ে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত’তে কাজ করেন তিনি।

ইত্তেফাক/এমএআর/ইএইচএম