ইয়েমেনে অস্ত্রবিরতির শেষ পর্যায়ে সংঘর্ষ শুরু

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৭:১৩
ইয়েমেনে সরকার সমর্থিত আরব জোট ঘোষিত ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতির মেয়াদ সোমবার শেষ হচ্ছে। তবে অস্ত্রবিরতি শেষ হওয়ার আগেই ইয়েমেনের সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়েছে।
 
সামরিক ও চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, গতরাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ নগরীতে সংঘর্ষে ১৫ বিদ্রোহী ও সরকার সমর্থিত ৯ সৈন্য নিহত হয়েছে। সূত্রগুলো আরো জানায়, সরকার সমর্থিত সৈন্যদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিদ্রোহীদের বোমা হামলায় ৪ বেসামরিক লোক নিহত ও অপর ১১ জন আহত হয়েছে।
 
সামরিক কর্মকর্তারা বলেন, সোমবার ভোরে প্রেসিডেন্ট আব্দেরাব্বো মানসুর হাদির অনুগত সৈন্যরা তায়েজের পশ্চিম উপকণ্ঠে শিয়া হুতি বিদ্রোহী ও তাদের মিত্রদের ওপর হামলা চালায়। নির্ধারিত অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এ হামলা শুরু হয় বলে কর্মকর্তারা জানান। একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। 
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মধ্যস্থতায় শনিবার উভয়পক্ষের মধ্যে অস্ত্রবিরতি শুরু হয়েছিল। কেরি ওমানে হুতি বিদ্রোহীদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেন এবং অস্ত্র বিরতি পালনের জন্য হাদি সরকারের প্রতি অনুরোধ জানান। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ