লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে রোববার সন্ধ্যায় বিউটি বেগম নামে এক নারীকে মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন।
এ সময় বিউটি বেগমের মা পেয়ারা বেগম, ভাই রিয়াদ হোসেনকে পিটিয়ে আহত করা হয়। তাদের রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা হাজীপুর গ্রামের শামসুল হক দেড় শতাংশ জমি কিনে কয়েক বছর ধরে ভোগদখল করে আসছে। কিছুদিন আগে একই এলাকার আবুল কালাম নিজের দাবি করে ওই জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করে। এ ঘটনায় শামসুল হক আদালতে একটি মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে আবুল কালাম ও তার লোকজন রোববার সন্ধ্যায় সামসুল হকের বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিলে তার মেয়ে বিউটি বেগমকে মারপিট করা হয়। মেয়েকে বাঁচাতে তার মা পেয়ারা বেগম, ভাই রিয়াদ হোসেন এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত আবুল কালাম বলেন, ‘ঘটনার সময় আমি নির্মাণকৃত ভবনের পাশে দাঁড়িয়ে ছিলাম। কে বা কারা হামলা করে আমি বলতে পারবো না।’
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)তোতা মিয়া বলেন, মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি
