কুমিল্লায় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৮:২৪
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ শীর্ষ সন্ত্রাসী জিরা সুমনের অন্যতম সহযোগী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ৮ মামলার আসামি জামিল হোসেন ওরফে ড্যানিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। 
 
সোমবার নগরীর নূরপুর গোধীর পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 
 
জানা যায়, ডিবির এসআই শহিদুল ইসলাম ও শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে নগরীর নূরপুর গোধীর পুকুরপাড় এলাকা থেকে জামিল হোসেন  ড্যানিকে (২৫) গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। সন্ত্রাসী ড্যানি নগরীর পশ্চিম ভাটপাড়া এলাকার জাফর আলীর ছেলে। 
 
ডিবির ওসি একেএম মনজুর আলম জানান, সন্ত্রাসী ড্যানির বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চুরি, ডাকাতি, অস্ত্রসহ কোতোয়ালি মডেল থানায় ৮টি মামলা রয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি