মিরেরসরাইয়ে এলপিজি কারখানা করবে ওমেরা পেট্রোলিয়াম

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৯:২৪
ওমেরা পেট্রোলিয়াম চট্টগ্রামের মিরেরসরাই অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) এলপিজি কারখানা স্থাপন করবে। এ লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে ভূমি বন্দোবস্তের বিষয়ে ওমেরা পেট্রোলিয়ামের চুক্তি হয়েছে। 
 
সোমবার রাজধানীর কাওরান বাজারে বেজার কার্যালয়ে এ চুক্তি সই হয়। 
 
বেজার নির্বাহী বোর্ডের সচিব মোহাম্মদ আইয়ুব ও ওমেরার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 
 
চুক্তি অনুযায়ী চট্টগ্রামের মিরেরসরাইয়ে অবস্থিত বেজার অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনে ২০০ একর জমি পাচ্ছে ওমেরা। সেখানে প্রায় ১৩০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে ওমেরা পেট্রোলিয়ামের।  গত বছরের এপ্রিলে বাংলাদেশের বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওমেরা পেট্রোলিয়াম। 
 
 
চুক্তি সই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, চট্টগ্রামের মিরেরসরাইয়ে এসইজেডে অত্যাধুনিক এলপিজি আমদানি ও প্রক্রিয়াজাতকরণ টার্মিনাল স্থাপনে করা হবে। এতে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।
 
অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুস সামাদ, হরিপ্রসাদ পাল ও মহাব্যবস্থাপক মোস্তাক হাসান,ওমেরার ব্যবস্থাপনা পরিচালক আসিফ মালিক প্রমূখ উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/এমআর/ইউবি