নতুন ৯ ব্যাংকের সঙ্গে বৈঠক

এমডিদের প্রতি রয়েসয়ে ব্যাংকিংয়ের নির্দেশ গভর্নরের

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৯:২৮
রয়েসয়ে ব্যাংকিং করার জন্য নতুন ৯ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। একই সঙ্গে আগ্রাসী মনোভাব, অসুস্থ প্রতিযোগিতা দূর করে খেলাপি ঋণ কমিয়ে আনার তাগিদ দিয়েছেন তিনি। আর সব ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগেরও কথা বলেছেন গভর্নর। 
 
সোমবার বাংলাদেশ ব্যাংকে নতুন ব্যাংগুলোর সর্বশেষ আর্থিক পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনামূলক বৈঠকে এসব নির্দেশ ও পরামর্শ দেন গভর্নর।
 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, নির্বাহী পরিচালক ড. নির্মল চন্দ্র ভক্ত, মহাব্যবস্থাপক এস এম রবিউল হাসান ও ৯ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। 
 
বৈঠক বিষয়ে জানতে চাইলে আবু হেনা মোহা. রাজী হাসান জানান, নিয়ম মেনে সব ধরণের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। ঋণ বিতরণ যেন এক কেন্দ্রীক না হয় সে দিকে খেয়াল রাখা ও যাচাই-বাছাই ছাড়া ঋণ বিতরণে বারণ করা হয়েছে। সর্বোপরি ব্যাংকগুলোর অভ্যন্তরীণভাবে কাজের সুষ্ঠু পরিবেশ ও সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দেয়া হয়েছে।
 
বৈঠক শেষে এবিবির সাবেক সভাপতি ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিকদের বলেন, আগ্রাসি ব্যাংকিং পরিহার, খেলাপি ঋণ কমানো ও ৪ থেকে ৫টি ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, গত ২৩ জুলাই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার মেয়াদ শেষ হয়েছে। ২০ জন পরিচালক থাকলে তিন জন স্বতন্ত্র পরিচালক ও ১২ জন পরিচালক থাকলে ২ জন স্বতন্ত্র পরিচালক থাকার বাধ্যবাধকতা রয়েছে। সে বিষয়টি বাংলাদেশ ব্যাংক স্মরণ করিয়ে দিয়েছে।
 
নতুন ব্যাংকের বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে নুরুল আমিন আরও বলেন, ৩০ শতাংশ কৃষি ঋণ সরাসরি বিতরণ ও সিএসআর খাতে ১০ শতাংশ অর্থ ব্যয় নতুন ব্যাংকগুলোর জন্য কঠিন হয়ে গেছে। এটা কমাতে বলেছি। একটি শাখা শহরে খুললে একটি গ্রামে খোলার পরিবর্তে দুইটি শাখা শহরে খুললে একটি শাখা গ্রামে খোলার প্রস্তাব করেছি।     
 
 
ইত্তেফাক/এমআই