সিরিয়ার ভবিষ্যত নিয়ে ‘আশাবাদী নন’ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ইরান ও রাশিয়ার সমর্থন সংঘাতপূর্ণ পরিস্থিতিকে আরো বেশকিছু সময় টেনে নিতে পারে। রবিবার পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকনোমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলনের এক ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একথা বলেন ওবামা।
এদিকে সিরিয়ার আলেপ্পোয় ক্রমাগত বেড়ে চলেছে বিমান হামলা। এতে মানবিক বিপর্যয় ব্যাপকতা ধারণ করছে। ফলে জাতিসংঘ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আলেপ্পো শহরে মানবিক সংকট এড়িয়ে যাওয়ার সময় ফুঁড়িয়ে আসছে। প্রেসিডেন্ট ওবামা বৈঠকে পুতিনকে জানান, সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘাত নিয়ে তিনি গভীরভাবে শঙ্কিত। তাই যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দেন তিনি।
ওবামা হুঁশিয়ারি দিয়ে জানান, বাশারকে রাশিয়া ও ইরানের সমর্থনের কারণে দেশটির দ্বিতীয় বৃহত্তম আলেপ্পো শহরটি শেষ হতে বসেছে। তাদের এ সমর্থন দীর্ঘদিন ধরে শহরটির পূর্বদিক নিয়ন্ত্রণে রাখা বিরোধীদের জন্য অসহনীয় হয়ে উঠছে। ক্রমাগতভাবে আলেপ্পোর সাধারণ নাগরিক হতাহত হচ্ছে, শিশুরা আহত বা নিহত হচ্ছে, স্কুল ও হাসপাতাল ধ্বংস হচ্ছে। এমন পরিস্থিতিতে সমাধানের উপায় বের করা দুরূহ হয়ে উঠছে। তাই এদেশের ভবিষ্যত শান্তির সম্ভাবনা আমি দেখছি না বলেন ওবামা।
এদিকে রবিবারও নতুন করে হামলার ঘটনা ঘটেছে। পশ্চিম আলেপ্পোয় সরকার নিয়ন্ত্রিত স্কুলে বিরোধীরা রকেট হামলা চালালে কমপক্ষে ৮ শিশু নিহত হয়। এদিকে গত মঙ্গলবার আলেপ্পোর পূর্বাঞ্চল পুনরুদ্ধার করতে সরকারি বাহিনী ভয়াবহ আক্রমণ চালায়। এতে ১১৫ জন বেসামরিক নাগরিক প্রাণ হারায়। আল জাজিরা।
ইত্তেফাক/এসএসএ
