মোবাইল ফোন কোম্পানিগুলোর ব্যাপারে গ্রাহকদের অসন্তোষের প্রেক্ষিতে তাদের অভিযোগ শোনার জন্য মঙ্গলবার গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই শুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিতে গ্রাহকরা কল-ড্রপ, ভয়েস কল তথা ইন্টারনেট বান্ডিল প্যাকেজ এবং মূল্য দিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন। উল্লেখ্য, এ ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে এবারই প্রথম বিটিআরসি এ ধরনের আয়োজন করেছে।
বিটিআরসি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নভেম্বরের ১৭ তারিখ পর্যন্ত মোট ১ হাজার ৩০৭ জন মানুষ তাদের নাম নিবন্ধন করেছেন। তিনি বলেন, ‘কিন্তু অভিযোগের প্রকৃতি বিবেচনায় ৪৫০ জনকে শুনানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছে বিটিআরসি।
ওই কর্মকর্তা আরও জানান, মনোনীত ব্যক্তিদেরকে শুনানিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে ই-মেইল, এসএমএস ও ফোনকলের মাধ্যমে জানানো হয়েছে।
গণশুনানিতে বিটিআরসি’র কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন অভিযোগ ও বক্তব্যের জবাব দেয়ার জন্য মোবাইল ফোন কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। -বাসস।
ইত্তেফাক/এমআর/এমআই
