ঢাবিতে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের হাতব্যাগ চুরি

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ২০:২৪
 
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান থেকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারেথা কোয়েলিনেয়ারের হাতব্যাগ চুরি হয়েছে। চারুকলা অনুষদের ভেতরে উন্মুক্ত স্থানে সোমবার বিকালে ওই অনুষ্ঠানের সময় টেলিভিশন ক্যামেরায় ধারণ করা দৃশ্য থেকে সন্দেহভাজন এক তরুণকে শনাক্ত করা হয়েছে বলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন।
 
সাংবাদিকদের তিনি বলেন, ‘চোর একটি ছেলে, তাকে চিহ্নিত করা গেছে। কিন্তু পরিচয় এখন পাওয়া যায়নি। তাকে গ্রেফতার ও ব্যাগটি উদ্ধারের চেষ্টা করছি।’
 
কাউন্টার ফটোর আলোকচিত্র বিভাগের চার বছরপূর্তি উপলক্ষে প্রদর্শনীর উদ্বোধন করতে যান নেদারল্যান্ডসের রাষ্টদূত। তার ব্যাগে মোবাইল ফোন ও নোটপ্যাডসহ মূল্যবান জিনিস ও নথিপত্র ছিল বলে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানিয়েছেন।
 
পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজে দেখা যায়, প্রদর্শনী শুরুর ঘণ্টাখানেক পর বিকাল ৫টার দিকে রাষ্ট্রদূত নিজের আসনে থেকে মোমবাতি জ্বালানোর জন্য সামনে এগোলে একটি ছেলেকে তার ব্যাগ নিয়ে পালাচ্ছে। অধ্যাপক নিসার বলেন, ‘প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মোমবাতি প্রজ্জ্বলনের সময় উনি (রাষ্ট্রদূত) ব্যাগটি চেয়ার রেখে সামনে আসেন। এ সময় ব্যাগটি চুরি হয়ে যায়। তবে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ছেলেটির ছবি দেখা গেছে।’
 

ইত্তেফাক/এএম।