মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবার পা হারানো

আসামিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১২:০৮
 
মেয়েকে উক্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় দুই পা হারানো শাহনুর বিশ্বাসের দায়ের করা মামলার আসামিদেরকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই আদেশ কার্যকর করে আগামী ২৭ নভেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করতে ঝিনাইদহের ‍পুলিশ সুপার ও কালীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।
 
মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপিত মোহম্মদ উল্ল্যাহর ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
 
আজ একটি জাতীয় দৈনিকে ‘মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করাই অপরাধ?’ দুই পা গেছে, এখন ভিটে ছাড়া হওয়ার ভয়’ শিরোনামে প্রতিবেদন আমলে নিয়ে আদালত এই আদেশ দেয়।
 
ঐ প্রতিবেদনে বলা হয়, গত ১৬ অক্টোবর কালীগঞ্জের নলভাঙা গ্রামের শাহনূর বিশ্বাস মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা লোহার শাবল দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। হাতুড়ি ও ছেনি দিয়ে হাঁটুতে আঘাত করে। েপরে চিকিৎসকরা তার দুই পা কেটে ফেলেন। এই ঘটনার দুইটি মামলা হলেও  পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
 
প্রতিবেদনটি আমলে নিয়ে আসামিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 
ইত্তেফাক/এএসএস