ঈশ্বরদীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৪:৪৯
 
পাবনার ঈশ্বরদীতে নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের অড়োণকোলা বাগবাড়িয়ার ফকিরের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতের নাম বাচ্চু (৩৮)। তিনি ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের চাঁদ মল্লিকের ছেলে। আহত শিহাব (৪০)  ও জিল্লুকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানান, গরু নিয়ে একটি নসিমন দাশুড়িয়া এলাকা হতে অড়োণকোলা গরুর হাটে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেলের সঙ্গে নসিমনটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা বাচ্চু ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে নসিমন উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহত দুইজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নেয়।
 
ফায়ার সার্ভিস জানায়, গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা বা রাজশাহী নেয়া হতে পারে।
 
ঈশ্বরদী থানায় নিহতের পরিবার জানায়, বাচ্চু তার মোটরসাইকেলে আরো দুইজনকে নিয়ে অড়োণকোলা গরুর হাটে যাচ্ছিল। 
 
ইত্তেফাক/এএসএস