অভিযোগ: পাংশায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে মার্কেট নির্মাণ

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৫:২৭
রাজবাড়ীর পাংশা উপজেলায় সরকারি জায়গা দখল করে বানিজ্যিক মার্কেট নির্মাণ করেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি।
 
সরেজমিনে দেখা যায়, উপজেলার বাহাদুরপুর ইউপির সেনগ্রাম বাজারস্থ স্লুইচ গেটের উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় মার্কেট নির্মাণ সম্পন্ন হয়েছে। চলছে রংয়ের কাজ।
 
এলাকাবাসী জানায়, সরকার দলীয় রাজনৈতিক দলের ছত্রছায়ায় স্থানীয় প্রভাবশালী আয়ুব সরদার এই মার্কেট র্নিমাণ করেছেন।
 
পাংশা পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা গেছে, বাহাদুরপুর ইউপির সেনগ্রামের ডা. আব্দুর রাজ্জাকের কাছ থেকে এ জমিটি ১৯৮৮-৯৮ সালে পদ্মা বেড়িবাঁধের প্রয়োজনে পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে।
 
অনুসন্ধানে জানা গেছে, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত আব্দুর রাজ্জাক পানি উন্নয়ন বোর্ড হতে জমি লিজ নেয়। পরবর্তীতে ডাক্তার রাজ্জাক এলাকার প্রভাবশালী আয়ুব আলী সরদারের কাছে ওই জমি বিক্রয় করে স্বপরিবারে এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়।
 
আয়ুব সরদার বলেন, ‘আমি পানি উন্নয়ন বোর্ডের জায়গায় মার্কেট নির্মাণ করিনি। আমার রেকর্ডীয় জমির উপর মার্কেট নির্মাণ করেছি।’
 
বিভাগীয় পানি উন্নয়ন বোর্ড সেকশন কর্মকর্তা ছালাউদ্দিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহন করেননি। দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে জমি দখল করে মার্কেট নির্মাণের একটি অভিযোগ পেয়েছি। তবে কোর্টের আদেশ না পেলে কোনো ব্যবস্থা নিতে পারবো না।’
ইত্তেফাক/এএসএমইউ
 
ইত্তেফাক/এএসএমইউ