দেশের বিভিন্ন স্থানে পরমাণু অস্ত্র মোতায়েন করছে পাকিস্তান

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ০৮:৪৭
 
দেশের বিভিন্ন প্রান্তে পরমাণু অস্ত্র মোতায়েন করতে শুরু করেছে পাকিস্তান। ইসলামাবাদের হাতে থাকা ১৩০ থেকে ১৪০টি পরমাণু বোমাকে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে মোতায়েন করা শুরু হয়েছে। অতিসম্প্রতি প্রকাশিত একটি মার্কিন রিপোর্ট এই তথ্য প্রকাশ্যে এনেছে। পাকিস্তানের যে সব সামরিক ঘাঁটিতে পরমাণু অস্ত্র এবং তা প্রয়োগের পরিকাঠামো তৈরি হয়েছে বা হচ্ছে, সেগুলোর অবস্থান এবং নকশাও বিশদে তুলে ধরেছে মার্কিন বিশেষজ্ঞ দল। খবর আনন্দবাজার পত্রিকার।
 
বাণিজ্যিক উপগ্রহ চিত্র কাজে লাগিয়ে এবং সামরিক ঘাঁটিগুলোর অন্য কিছু বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মার্কিন বিশেষজ্ঞরা যে রিপোর্টটি সম্প্রতি তৈরি করেছেন, ভারতীয় সংবাদমাধ্যমের একটি অংশ সম্প্রতি তা প্রকাশ্যে এনেছে। সে রিপোর্ট থেকে জানা যাচ্ছে, পাকিস্তান অন্তত ৮-১০টি সামরিক ঘাঁটিতে নিজেদের পরমাণু অস্ত্রগুলো মোতায়েন করেছে। এই ঘাঁটিগুলোর অধিকাংশতেই পরমাণু অস্ত্র নিক্ষেপের পরিকাঠামোও তৈরি হয়ে গেছে বলে মার্কিন বিশেষজ্ঞদের দাবি। বাকিগুলোতে সেই পরিকাঠামো দ্রুত গড়ে তোলা হচ্ছে।
 
মার্কিন রিপোর্ট অনুযায়ী  সিন্ধু প্রদেশের আকরো, পানো আকিল এবং মসরুর ঘাঁটিতে পাকিস্তান পরমাণু অস্ত্র মোতায়েন করেছে এবং তা নিক্ষেপের পরিকাঠামোও তৈরি করে ফেলেছে বলে রিপোর্টটিতে জানানো হয়েছে। এছাড়া বালুচিস্তানের খুজদার, পঞ্জাবের গুজরানওয়ালা এবং দেশের উত্তর-পশ্চিমাংশের সরগোঢা সামরিক ঘাঁটিতেও পরমাণু অস্ত্র এবং তার প্রয়োগ পরিকাঠামো তৈরি। ভারতীয় সীমান্ত লাগোয়া আর এক পঞ্জাবি শহর ভাওয়ালপুর এবং আফগান সীমান্তের কাছাকাছি ডেরা গাজি খাঁ-তে পাকিস্তানের যে দু’টি সামরিক ঘাঁটি রয়েছে, সেখানেও পরমাণু অস্ত্র পৌঁছে গিয়েছে বলে মার্কিন রিপোর্টটির ইঙ্গিত। তবে এই দুই সামরিক ঘাঁটিতে পরমাণু অস্ত্র নিক্ষেপের পরিকাঠামো সম্ভবত পুরোপুরি প্রস্তুত নয়। তা দ্রুত তৈরি করা হচ্ছে।
 
মার্কিন বিশেষজ্ঞদের ধারণা, পাকিস্তান এখনও প্রচুর পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তেমন নয়। কিন্তু যতগুলো পরমাণু অস্ত্র তাদের কাছে রয়েছে, প্রয়োজনে সেগুলোর সব ক’টিকে প্রয়োগ করার মতো উপযুক্ত পরিকাঠামো পাকিস্তান তৈরি রাখতে চাইছে।
 
ইত্তেফাক/আরএ