সাভারের আশুলিয়ায় গ্যাস ম্যাচ কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ০৯:৪৮
 
সাভারের আশুলিয়ায় একটি ম্যাচ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকার ক্যালার গ্যাস ম্যাচ কারখানা বিডি লিমিটেডে আগুন লাগে।
 
কারখানার শ্রমিকরা জানায়, ক্যালার গ্যাস ম্যাচ কারখানায় বিকেল সোয়া চারটার দিকে হঠাত্ই আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড, সাভার ও ধামরাই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগলে শ্রমিকরা তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অন্তত ৩১ জন শ্রমিক আহত হয়। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ এবং সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন শ্রমিককে ভর্তি করা হয়েছে। কারখানার ভেতরেও বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছে বলে শ্রমিকরা জানায়।
 
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।
 
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের চিকিত্সার জন্য এক লাখ টাকা প্রদান করেন।
 
ইত্তেফাক/এমএইচ/এএম
 
ইত্তেফাক/এমএইচ