‘বিএনপি যেন আর দাঁড়াতে না পারে সেই ষড়যন্ত্র চলছে’

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৮:০৩
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির নেতাকর্মীদের মামলা-হামলা করে জেলে ভরা হচ্ছে। জনগণের দল বিএনপি যেন আর দাঁড়াতে না পারে সে বিষয়ে ষড়যন্ত্র করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত ‘তারেক রহমান ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মিথ্যাচারের মাধ্যমে তারেক রহমানকে হত্যার চেস্টা করা হয়েছে। আগামী দিনে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে হবে। জনগণের কথা বলতে গিয়ে তারেক রহমানকে জেল, জুলুম, মিথ্যা মামলায় হয়রানি এমনকি বাড়ি ঘর থেকে উচ্ছেদ হতে হয়েছে। দেশের এ সময়ে তার মত দেশপ্রেমিক নেতার বড়ই প্রয়োজন। তিনি দেশে ফিরলে আবারো দেশ গড়ার কাজ করবেন।
 
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাড. একেএম মাহবুবর রহমান, জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল।
 
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পাপন। অনুষ্ঠানের শুরুতে কবুতর ও বেলুন উড়িয়ে জন্মোউৎসবের উদ্বোধন করেন নজরুল ইসলাম খান।
 
ইত্তেফাক/এমএইচ