বাহুবলী সিনেমার সিক্যুয়েল ‘বাহুবলী-দ্য কনক্ল্যুশন’ সিনেমার ফুটেজ ফাঁস করার অভিযোগে এক গ্রাফিক ডিজাইনারকে আটক করা হয়েছে। পরিচালক এসএস রাজামৌলির অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
প্রভাস, রানা দাগ্গুবাতি, আনুশকা শেট্টি ও তামান্নাহ ভাটিয়া অভিনীত ব্লকবাস্টার হিট বাহুবলীর সিক্যুয়েলের যুদ্ধের ৯ মিনিটের অসম্পাদিত ফুটেজ অনলাইনে ফাঁস হয়ে ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে সেটি সরিয়ে নেয়া হয়। সেই ফুটেজ ফাঁসের অভিযোগেই আটক করা হয় ওই গ্রাফিক্স ডিজাইনারকে। ধারণা করা হচ্ছে ওই গ্রাফিক্স ডিজাইনার হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে কর্মরত।
গত সেপ্টেম্বরে বাহুবলীর সেট থেকে কিছু অননুমোদিত ছবি ফাঁস হয়ে যায়। এর আগে উড়তা পাঞ্জাব ও পার্চড সিনেমার কিছু ফুটেজ অনলাইনে ফাঁস হয়েছিল। বাহুবলী ২ তেলেগু, তামিল ও হিন্দি ভাষায় মুক্তি দেয়া হবে ২০১৭ সালের ২৮ এপ্রিল। বাহুবলীর প্রথম পর্ব বিশ্বজুড়ে ৬৫০ কোটি রূপি আয় করেছিল। এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ
